করোনা পরীক্ষা করার সুযোগ নেই ইন্দুরকানীবাসীর

দেশের অন্যান্য এলাকার মতো পিরোজপুরেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। এরমধ্যে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মানুষরা করোনা আক্রান্ত হয়েছেন কি না তা পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন না। জেলার ৭টি উপজেলার মধ্যে একমাত্র ইন্দুরকানী উপজেলা থেকেই করোনার দৈনিক প্রতিবেদন পাওয়া যাচ্ছে না। ব্র্যাকের একজন স্বাস্থ্যকর্মী দিয়ে এর আগে নমুনা সংগ্রহের কাজ চলছিল। তবে তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায়।

নমুনা পরীক্ষা না হলেও করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন উপজেলার অর্ধশতাধিক রোগী হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, ল্যাব টেকিনিশিয়ান না থাকার কারণে তাদের পরীক্ষা বন্ধ আছে।

আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর থাকার কথা। কিন্তু হাসপাতালটি পূর্ণাঙ্গ চালু না থাকায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী প্রেষণে অন্যত্র কর্মরত রয়েছেন।