বিদ্যুৎ বিভাগকে পূর্ণাঙ্গ ডিজিটাল করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ বিভাগের ডিজিটাল কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিভাগেকে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল করতে হবে। এ বিভাগের নিরাপত্তা বাড়ানোর জন্য সাইবার সিকিউরিটি জোরদারের ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ বিভাগের সেবা সহজ করতে হবে।’ গতকাল বুধবার অনলাইন বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বিদ্যুৎ খাতে বাস্তবায়নাধীন সমন্বিত ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বিষয়ক টিওটি (ট্রেইনার অব ট্রেইনার) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সকল কার্যক্রমই ডিজিটালি হওয়া উচিত। পেপারলেস অফিস করার উদ্যোগ হিসেবে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং) বাস্তবায়ন করা অপরিহার্য। বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তরসমূহ প্রাথমিকভাবে চারটি মডিউল বাস্তবায়ন করলেও পর্যায়ক্রমে সম্ভাব্য সব কাজই ইআরপির আওতায় আসবে।’
প্রসঙ্গত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, ফিক্সড এসেট ম্যানেজমেন্ট সিস্টেম, প্রকিউরমেন্ট সিস্টেম ও অ্যাকাউন্টস এবং ফিন্যান্স সিস্টেম এই চারটি মডিউল বিদ্যুৎ বিভাগে প্রথম দফায় বাস্তবায়িত হচ্ছে। মডিউলগুলোর প্রায় সব তথ্যই ইতিমধ্যে লাইভে এসেছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্তভাবে লাইভে দেখা যাবে। টেকভিশন, মাইক্রোসফট, টেকনোহেভেন ও সিএসএল এই চারটি প্রতিষ্ঠান যৌথভাবে পরামর্শক হিসেবে কাজ করছে।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, টেকভিশন লিমিটেডের উপদেষ্টা রহমত উল্লাহ মো. দস্তগীরসহ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।