জাল টাকা শনাক্তে পশুর হাটে ব্যাংকের বুথ

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন অনুমোদিত পশুর হাটগুলোয় জাল নোট শনাক্তকারী মেশিনের সহায়তায় থাকবে ২১টি ব্যাংকের বুথ। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, দেশের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোয় জাল নোট প্রচলন চক্রের অপতৎপরতা রোধে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করে প্রয়োজনীয় কার্যক্রম নিতে আপনাদের নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনায় বলা হয়েছে, অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাইসংক্রান্ত সেবা দিতে দায়িত্বপ্রাপ্ত তফসিলি ব্যাংকগুলোর তালিকা এতদসঙ্গে সংযুক্ত করা হলো।

হাটগুলোয় সেবা দেওয়ার লক্ষ্যে মনোনীত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ আপনাদের ব্যাংকের সমন্বয়ক হিসেবে মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর ১৪ জুলাইয়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। ব্যাংকের সমন্বয়কারী কর্মকর্তা সংশ্লিষ্ট হাটে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের কার্যাদি মনিটরিং করবেন।

ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভা অনুমোদিত পশুর হাটগুলোয় বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে গৃহীত অনুরূপ ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যাংকের আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকে নির্দেশনা দিতে হবে।