ফেইসবুক-গুগল টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, টুইটার, সার্চ জায়ান্ট গুগল ও এই প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিয়ামির জেলা আদালতে স্থানীয় সময় বুধবার তিনি মামলা করেন। মামলায় বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এসব টেক জায়ান্টের বিরুদ্ধে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ট্রাম্প প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করেন। এসব মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, জ্যাক ডোর্সে ও সুন্দর পিচাইকে অভিযুক্ত করা হয়েছে। তবে কোনো কোম্পানিই এখন পর্যন্ত ট্রাম্পের এই মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পর জননিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম থেকে বাতিল করা হয়েছিল তার অ্যাকাউন্ট। তারপর ফেইসবুক, টুইটারে বার্তা দিতে নানা কৌশল করেও ট্রাম্প সুবিধা করতে পারেননি।

ট্রাম্পের দাবি, এসব টেক কোম্পানির কাছ থেকে তিনি সেন্সরশিপের শিকার হয়েছেন। মামলায় তিনি নিজের ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদন করেছেন। নিউ জার্সিতে নিজের গলফ রিসোর্ট থেকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ কোম্পানিগুলো এবং ডেমোক্র্যাটরা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বিবিসি জানায়, বুধবার ট্রাম্প তার মামলার পদক্ষেপকে বাকস্বাধীনতার জন্য ‘খুবই চমৎকার এক অগ্রগামী পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষিদ্ধ করা, নীরব করিয়ে দেওয়া, খেদিয়ে দেওয়া, বাতিল করে দেওয়ার অবসান ঘটানোর দাবি জানাচ্ছি আমরা।

ট্রাম্প বলেন, তারা (প্রযুক্তি কোম্পানি) যদি প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে যে কারও ক্ষেত্রেই তারা এ কাজ করতে পারে।