হাসপাতালে করোনায় মৃত্যু গৃহবধূর, নেই কোনো স্বজন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা আক্রান্ত স্ত্রীকে ভর্তি করার পর উধাও হয়েছেন তার স্বামী। পরে আসমা আক্তার নামে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে খোঁজ মিলছে না স্বামীসহ স্বজনদের। 

গত বুধবার রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের। আসমার বাসা ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায় বলে উল্লিখিত রয়েছে হাসপাতালের রেজিস্টারে। তার স্বামী মোজাম্মেল গত ৬ জুলাই সকাল সাড়ে ৯টায় চমেক হাসপাতালে তাকে ভর্তি করান বলে জানায় পুলিশ।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়–য়া বলেন, গত ৬ জুলাই আসমার করোনা পরীক্ষায় পজিটিভ এলে তাকে চমেকের করোনা ওয়ার্ডের রেড জোনে ভর্তি করান তার স্বামী। কিন্তু ভর্তির পর থেকে তার স্বামীসহ কোনো স্বজন আর হাসপাতালে আসেননি। এমনকি রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্টারে উল্লিখিত স্বামীর নাম্বারে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর বুধবার রাত ১টার দিকে আসমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ চমেকের মর্গে রাখা হয়েছে।