৫ রকমের কাবাব

ঈদে সবাই কম-বেশি কাবাব তৈরি করেন। কোরবানি উপলক্ষে কাবাবের রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা

টার্কিশ আদনা কাবাব

উপকরণ

গরুর কিমা আধা কেজি, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, লাল ক্যাপসিকাম  কুচি সিকি কাপ, সবুজ ক্যাপসিকাম কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁপে বাঁটা ১ টেবিল চামচ, পাপরিকা ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ১ কাপ।

সালাদ : পেঁয়াজ কুচি ২ চা চামচ, টমেটো টুকরো ১টা, লবণ সিকি চা চামচ, লেবুর রস সিকি চা চামচ, পাপরিকা ১ চিমটি, ধনেপাতা কুচি ২ চা চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পেঁয়াজ, লাল ও সবুজ ক্যাপসিকাম কুচি ভালো করে চেপে অতিরিক্ত পানি ফেলে দিন।

২. কিমার সঙ্গে সব উপকরণ ভালো করে মাখিয়ে তিন-চার ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

৩. এবার মেরিনেট  করা কিমা চাপটা স্কেলের মতো শিকে গেঁথে নিন।

৪. পেঁয়াজ কুচি, টমেটো, লেবুর রস, পাপরিকা, ধনেপাতা কুচি, সামান্য অলিভ অয়েল ও পরিমাণ মতো লবণ মিশিয়ে সালাদ তৈরি করে রাখুন।

৫. গরম তাওয়াতে কাবাব রেখে সামান্য তেল দিয়ে স্যালো ফ্রাই করে সালাদের সঙ্গে পরিবেশন করুন।

নারগিস কোপ্তা

উপকরণ

বিফ কিমা আধা কেজি, পাউরুটি পানিতে ভিজিয়ে নেওয়া এক পিস, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁপে বাঁটা১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, টালা মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, কাবাব মসলা দেড় টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, চিলি সস ১ টেবিল চামচ, ডিম ১টা, সেদ্ধ ডিম ৬টা, ব্রেড ক্রাম ১ কাপ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. সব উপকরণ মেখে ৬ থেকে ৭ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২. এবার মেরিনেট করা কিমার ভেতরে সেদ্ধ ডিম ভরে গোল বলের মতো বানিয়ে নিন।

৩. তেলে গরম হলে বলগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভাজুন।

৪. এবার মাঝ বরাবর কেটে পরিবেশন করুন।

চাপলি কাবাব

উপকরণ

গরু বা খাসির মাংসের কিমা আধা কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁপে বাঁটা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, আধাভাঙা ধনিয়া ও জিরা গুঁড়ো মেলানো দেড় চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, বেসন দুই টেবিল চামচ, টমেটো গোল করে কাটা ১টা, ডিম ১টা, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১. টমেটো বাদে সব উপকরণ মাখিয়ে ৬-৭ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২. মেরিনেট মিশ্রণ কাবাবের আকারে গোল চ্যাপ্টা করে বানিয়ে ওপরে একটা করে টমেটো গেঁথে দিন।

৩. ফ্রাইপ্যানে তেলে গরম করে স্যালো ফ্রাই করে পরিবেশন করুন।

মালাই বটি কাবাব

উপকরণ

মুরগির বুকের মাংস কিউব করে কাটা আধা কেজি, পানিছাড়া টক দই ৪ টেবিল চামচ, মোজেরোলা চিজ আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, গরম মসলা১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি সিকি কাপ, লবণ ১ চা চামচ, মাখন ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মাংসের  সঙ্গে মাখন বাদে সব উপকরণ মাখিয়ে ৩-৪ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২. শাসলিক কাঠিতে মাংসের টুকরো গেঁথে নিন।

৩. ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট ফয়েল পেপার দিয়ে ঢেকে বেক বা তাওয়াতে মাখন দিয়ে গেঁথে স্যালো ফ্রাই করে পরিবেশন করুন।

হারা চিকেন টিক্কা

উপকরণ

মুরগির বুকের মাংস কিউব কাটা আধা কেজি, টক দই আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, পুদিনাপাতা বাটা ১ টেবিল চামচ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. মাংসের মধ্যে তেল ও সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে তিন ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

 ২. শাসলিক কাঠিতে চিকেন একটার পর একটা গেঁথে নিন।

৩. তাওয়াতে সামান্য সরিষার তেল দিয়ে গেঁথে রাখা কাবাবগুলো স্যালো ফ্রাই করে পরিবেশন করুন।