সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিদগ্ধ তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকার আল নূর পেপার মিলে অগ্নিকা-ে দগ্ধ চার নিরাপত্তা কর্মীর মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া নিরাপত্তা কর্মীরা হলেন এম এম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান।

আল নূর পেপার মিলের ইনচার্জ মো. কিবরিয়া জানান, গত রবিবার রাত দেড়টার দিকে মিলের গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে মিলের চার নিরাপত্তাকর্মী দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এম এম মোস্তাক আহমেদ ও তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এবং আসাদুজ্জামান রাতে মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ, মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ ও আসাদুজ্জামান ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।