দৌলতদিয়া ঘাটে থেমে নেই যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার

ফেরিতে ব্যক্তিগত গাড়ি  ও সাধারণ যাত্রী পারাপারে নৌ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও দৌলতদিয়া ঘাটে যাত্রী পারাপার দেখা গেছে।

শনিবার সরেজমিন দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যাত্রী পারাপার হচ্ছে সাথে ব্যক্তিগত গাড়িও পারাপার হতে দেখা যায়। তেমনি দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পার হয়েছে।

দৌলতদিয়া ঘাট পারাপারে ৪, ৫, ৬ ও ৭নং ফেরিঘাট স্বাভাবিক রয়েছে। ১, ২ ও ৩নং ফেরিঘাট অকেজো হয়ে পড়ে আছে।

শনিবার দুপুরে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক ফেরি পার হয়েছে ১হাজার ১৬৯টি।

ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস ও ছোট ট্রাক নদী পার হয়েছে ১হাজার ৩৩৭টি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরিতে পণ্যবাহী ও জরুরি সেবার যানবাহন পারাপারে বাধা নেই, ব্যক্তিগত গাড়ি পারাপারে রয়েছে বিধিনিষেধ।

তবে নিষেধ থাকা সত্ত্বেও কিভাবে ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে এ নিয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিছু ব্যক্তিগত গাড়ী পাশ নিয়ে নদী পারাপার হচ্ছে। তবে পাশ ছাড়া আমরা কোনো ব্যক্তিগত গাড়ি পারাপার করছি না।

তাছাড়া কোনো জরুরি কাজ ছাড়া যাত্রী তেমন নদী  পার হচ্ছে না।

তিনি বলেন, বর্তমানে যানবাহনের চাপ কম থাকার কারণে ১৭টি ফেরির মধ্যে ৯টি চালানো হচ্ছে। তবে আসছে ঈদের জন্য ফেরিঘাট প্রস্তুত রয়েছে।