বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন কোন দলের সাপোর্টার? কোপা আমেরিকা ও ইউরো কাপের ফাইনালের উন্মাদনার এই ক্ষণে সরাসরি প্রশ্নটার উত্তর দিলেন না কিংবদন্তি এ ফুটবলার। তবে কোপা আমেরিকায় তিনি যে এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে, সেটি বললেন রাখঢাক না রেখেই।
শনিবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কোপা আমেরিকা ও ইউরো কাপ নিয়ে কথা বলেন কাজী সালাউদ্দিন। সংবাদ সম্মেলন হলেও অনেকটা আড্ডার ঢংয়েই ছিলেন তিনি। বোঝাই যাচ্ছিল, দুই বড় টুর্নামেন্টের ফাইনাল নিয়ে তিনি বেশ রোমাঞ্চিতই।
কোপা আমেরিকার ফাইনাল ঘিরে এখন উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। শিরোপার লড়াইয়ে যে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। এ ম্যাচ নিয়ে প্রশ্ন করলে বাফুফে সভাপতি প্রথমে কৌশলী উত্তর দিলেন।
‘দুইটা দলই কিন্তু বাংলা ভাষায় বললে ক্ষুধার্ত। ব্রাজিলও অনেক দিন ধরে ট্রফি পায় না। আর্জেন্টিনাও পায় না। এবং সম্ভবত এটা শেষ ফাইনাল হতে যাচ্ছে মেসির জন্য।’- বলেন কাজী সালাউদ্দিন।
এরপরই বলেন, ‘মেসি ভাইটাল ফ্যাক্টর হতে যাচ্ছে এ ম্যাচে।’ সব মিলে কাজী সালাউদ্দিন আর্জেন্টিনাকে এ ম্যাচে এগিয়ে রাখছেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আমি এগিয়ে রাখব আর্জেন্টিনাকে। মেসি আছে, ডি মারিয়া আছে, এরা গেম চেঞ্জার। যে কোনো ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। খেলা ০-০ চলতেছে… একটা ফ্রি কিক... এই জিনিসটা আর্জেন্টিনার আছে।’
তাহলে কাজী সালাউদ্দিন আর্জেন্টিনার সাপোর্টার? হেসে উত্তর দেন, ‘আমি প্রথমত বাংলাদেশের সাপোর্টার। এরপর ফুটবলের।’