নাটোরে ২৪ ঘণ্টার মধ্যে তিন ভাইয়ের মৃত্যু

নাটোরে পচুর হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম পচুর (৬৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই বাবুল মিয়া (৭০) হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে করোনা আক্রান্ত আরেক ভাই জাহাঙ্গীর আলম (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান।

পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে পচু করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ খবর শুনে ছোট ভাই বাবুল মিয়া শুক্রবার সকাল ৬টার দিকে শহরের নিজ বাসভবনে হার্ট অ্যাটাকে মারা যান। ওই খবর শুনে করোনা আক্রান্ত ছোট ভাই জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেন।

এদিকে একই পরিবারের তিন ভাই মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই পরিবারের প্রতিবেশী পৌর জামে মসজিদের খতিব মাওলানা আক্কাস আলী জানান, প্রথমে করোনা আক্রান্ত হয়ে ইসলামিয়া পচুর হোটেলের মালিক শরিফুল ইসলাম পচু মারা যান।

ভোরে এই সংবাদ শুনে ছোট ভাই বাবুল মিয়া (৭০) হার্ট অ্যাটাক করে মারা যান। বাদ জুমা তাদের দুই ভাইয়ের জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

সন্ধ্যার দিকে খবর আসে ভর্তিকৃত ছোট ভাই জাহাঙ্গীর মারা গেছেন। শুক্রবার রাত ১১টায় তাকে জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

তিনি আরও জানান, শহরের বলারী পাড়া এলাকার মৃত আবদুর রশিদের চার ছেলের মধ্যে তিন ছেলে ২৪ ঘণ্টার মধ্যে মারা যান। সবার বড় জীবন হাজী বেঁচে আছে। তবে মানসিকভাবে তিনি খুবই ভেঙে পড়েছেন।

উল্লেখ্য, প্রায় কয়েক দশক আগে রাস্তার ধারে ছোট্ট একটি বেড়া দিয়ে ঘেরা জায়গায় নাটোর চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল দিয়ে ব্যবসা শুরু করে শরিফুল ইসলাম পচু।

প্রথম দিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভাররা তার হোটেলের খেতেন। ধীরে ধীরে সততা, দক্ষতা ও ভালো রান্নার গুণে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।