ব্রাহ্মণবাড়িয়া-সিরাজগঞ্জ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উত্তেজনা

কোপা আমেরিকায় ১৪ বছর পর ফাইনাল খেলায় আজ ভোর ৬টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে দল দুটির সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছে দুই জেলার পুলিশ। সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার পুলিশের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে। জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপযোগে এই মাইকিং করা হয়। এদিকে সিরাজগঞ্জ জেলা শহরসহ ৯ উপজেলার গ্রামগঞ্জের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এই খেলা নিয়ে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার নেওয়া হচ্ছে। খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোনো ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয়, তা মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়া জেলার ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। ফাইনাল খেলাকে কেন্দ্র করে যারা ঝামেলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কোনো রকম ছাড় না দেওয়ার কথা বলেছে পুলিশ। তিনি আরও জানান, ‘ফাইনাল খেলায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে পুলিশের কাছে এই রকম আগাম তথ্য রয়েছে। এ সংঘর্ষের ঘটনা এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরও সহযোগিতা চেয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দলের ফুটবল ম্যাচ নিয়ে সারা দেশেই আগ্রহ থাকার বিষয়টি বেশ পুরনো। একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে মাইকিং করাটা বরং আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ‘লকডাউনের কারণে খেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগের মতো ‘উত্তেজনা’ নেই বললেই চলে।’

সিরাজগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উত্তেজনা : ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরসহ জেলার ৯ উপজেলার গ্রামগঞ্জের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে কথা হয় শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ছোট চানতারা বাজারের পল্লিচিকিৎসক জিয়াউল হকের সঙ্গে। তিনি বলেন, তার ছেলে সৌরভ বগুড়ায় লেখাপড়া করে। তারা বাবা ছেলে আর্জেন্টিনার সমর্থক। সেখানে জার্সি কিনতে না পেরে তাকে এলাকা থেকে যেকোনো উপায়ে জার্সি কিনে রাখতে বলেছে। তাই তিনি শাহজাদপুর শহরে যাচ্ছেন জার্সি কেনার উদ্দেশ্যে। অনেকে আবার বিদ্যুৎ চলে যাওয়ার ভয়ে জেনারেটর ভাড়া করেছে। শহরের চায়না বাঁধ এলাকায় সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক করতে দেখা গেছে।