ফাইজার, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার টিকা আগস্টে আসছে

আগামী আগস্টে তিন ধরনের ১ কোটি ২০ লাখ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে প্রথম সপ্তাহে ফাইজারের ৬০ লাখ ও চীনের সিনোফার্মের ৫০ লাখ আসার কথা। একই মাসে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ বা তারও বেশি টিকা আসার সম্ভাবনা রয়েছে।

গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিল্ড হাসপাতালের জন্য প্রস্তাবিত কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব টিকা আসার তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে চীনের সিনোফার্মের ৪৫ লাখ টিকা পেয়েছি। শুনে আনন্দিত হবেন, গতকালই (গত শুক্রবার) চিঠি পেয়েছি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে। তারা আরও ৬০ লাখ ফাইজারের টিকা দেবে। আশা করছি আগস্টের প্রথম সপ্তাহে পাব। চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাব। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকাও ১০ লাখ বা তার অধিক আমরা পেয়ে যাব। অর্থাৎ আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে। তার থেকেও বেশি থাকতে পারে। কারণ, আগস্ট মাসে এর বাইরে আরও কিছু টিকা আশা করি।

হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু বেড বাড়ালেই চলবে না; জনবলও বাড়ানো লাগবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারব না। সবাইকে সেটা বুঝতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোক কাজ করছেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস শনাক্তের জন্য দেশে সাড়ে ৫শ পিসিআর ল্যাব রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য ১৬ হাজার বেড রয়েছে। ১০০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। তারপরেও বিরোধী দল শুধু সরকারের সমালোচনা করছে। অহেতুক সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন।