করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। শহরের তুলনায় এখন গ্রামেই রোগী শনাক্ত ও মৃত্যু বেশি হচ্ছে। দেশের কোনো না কোনো এলাকায় নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিনই। কোনো এলাকায় হয়তো শনাক্তের রেকর্ড হচ্ছে, অন্য এলাকায় হচ্ছে মৃত্যুর রেকর্ড। কঠোর লকডাউন দিয়েও মফস্বলের সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানা যাচ্ছে না।
ফরিদপুরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড : ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ১০ জন এবং বাকি নয়জন উপসর্গ নিয়ে মারা যান। জেলায় এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের ১০ জন রয়েছেন। বাকিরা পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনা পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮০ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ফরিদপুর জেলারই ১৬৮ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৩০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফরিদপুরের কভিড ডেডিকেটেড হাসপাতালে শনিবার পর্যন্ত ভর্তি আছেন ৩৭৫ জন রোগী। এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৬ জন।
সিলেট বিভাগে এক দিনে রেকর্ড ৪৪২ শনাক্ত : সিলেট বিভাগে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ৬ জন। গত শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কভিড-১৯সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ১ হাজার ২৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ওই ৪৪২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪৭। আর মোট মারা গেলেন ৫১১ জন।
মাগুরায় এক দিনে রেকর্ড ১০৮ শনাক্ত : মাগুরায় গত ২৪ ঘণ্টায় এক দিনে রেকর্ড ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯ জন। মারা গেছেন ৩৬ জন। সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। সবাই মিলে বিষয়টি মনিটরিং করছি। করোনার বিস্তার ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি।
বরিশালে শনাক্ত ২৮৪, মৃত্যু ১৬ : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। এর মধ্যে ৭ জন করোনায় ও ৯ জন উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯৯ জনে দাঁড়াল। আর মৃত্যু হয়েছে মোট ৩৪৪ জনের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়ায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬ : কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৮ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, শেষ ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের ৭৩৪টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, শয্যা সক্ষমতা ২৫০ বেডের হলেও বর্তমানে ২৯২ জন করোনা চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪০ শতাংশের অবস্থা আশঙ্কাজনক।
টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু : টাঙ্গাইলে করোনা পরিস্থিতির দিন দিন ‘অবনতি’ হচ্ছে। প্রায় প্রতিটি ঘরেই কারও না কারও মধ্যে করোনার উপসর্গ রয়েছে বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ৬ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই সময়ে নতুন করে আরও ১৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৪৩৮টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৮৬ জনের করোনা শনাক্ত এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ১৫ জনে দাঁড়াল। টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, ১ মাস ধরে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই।
খাগড়াছড়িতে ৪ জনের মৃত্যু : খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ৭ ঘণ্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে একজন মারা গেলেও দুপুর থেকে পাঁচ মিনিট পর পর আরও ৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ও অপর ৩ জন উপসর্গ নিয়ে মারা যান। এখন পর্যন্ত করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ মৃত্যু এটি। খাগড়াছড়ি জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মিলটন চাকমা জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাহ/দাফন সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
যশোরে ১২ জনের মৃত্যু : যশোরে গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ১২ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ওই ২৫১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬৪ জনই যশোর সদর উপজেলার বাসিন্দা।
মোংলায় ৪ জনের মৃত্যু : বাগেরহাটের মোংলায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতালে আরও ১৪ মৃত্যু: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ ও উপসর্গে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ পুরুষ ও ৫ জন নারী। ১৪ জনের মধ্যে রাজশাহীর ৭, নাটোরের ৪, পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে। হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫২২ জন।