চাতালের বয়লার বিস্ফোরণ

ঘোড়াঘাটে শ্রমিক নিহত দুপচাঁচিয়ায় আহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হাসকিং মিলে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে এলারুস হেমরম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টায় ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী বাজারের আজিত মেম্বারের চাতালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এলারুস হেমরম ওই উপজেলার বুলাকীপুর গ্রামের মৃত চুন্নু হেমরমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীন বলেন, শ্রমিক এলারুস চাতালের বয়লারের নিচে চুলায় ধানের তুষ দিচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে বিকট শব্দে বয়লারটি ফেটে যায়। দুর্ঘটনায় বয়লার প্রায় ২০০ গজ দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এলারুসের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়।

অপরদিকে, বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকায় গতকাল রবিবার সকালের দিকে চাতালের বয়লার বিস্ফোরণ হয়ে লালন হোসেন (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত লালন হোসেন তালোড়া পৌর এলাকার দুবড়া মহল্লার মৃত তফিজ উদ্দিনের ছেলে। এ ছাড়াও চাতালের পাশে গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়ে একটি গরু আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালোড়ার স্বর্গপুর গ্রামে মেসার্স সিদ্দিকুর রাইস মিলে ধান সেদ্ধ ও শুকানের কাজ করছিলেন শ্রমিকরা। আগুনে পানি গরমের সময় বয়লারের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চাতাল শ্রমিক লালন হোসেনের শরীর গরম পানি ও চুলার ইটের আঘাতে ঝলসে যায়।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী বলেন, চাতালে কোনো অনিয়ম থাকলে চাতাল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।