করোনার নমুনা শনাক্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলার আরটি পিসিআর মেশিনটি গত চারদিন ধরে নষ্ট হয়ে আছে। এর ফলে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা। করোনা শনাক্ত ও মৃত্যু বাড়ার পরিপ্রেক্ষিতে এ সময়ে করোনার উপসর্গ থাকা রোগীরা এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
জেলার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আরটি পিসিআর মেশিন নষ্ট হলেও করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে কভিড-১৯ পরীক্ষা অব্যাহত আছে।
সিভিল সার্জন আরও জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে হাসপাতালের ল্যাবের আরটি পিসিআর মেশিনটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর থেকে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় গত চারদিনে প্রায় এক হাজার নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে।