গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্রে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সিহাব মিয়া (১৬)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। গত শনিবার রাত ৯টার দিকে উন্নয়ন কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, সন্ধ্যায় উন্নয়ন কেন্দ্রের ভেতরে রুমের মধ্যে অন্যান্য হাজতির সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে কোনো একটি বস্তুর সঙ্গে আঘাত লেগে আহত হয় সিহাব। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, শিশুর কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।