ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের কাজে বাধা প্রদান ও এক ভূমি কর্মকর্তাকে মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ব্যক্তির নাম সারোয়ার উর আলম। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা। তার দাবি, দুর্বৃত্তরা তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সারোয়ার বলেন, মনিয়ন্দ ইউনিয়নের শৌন লোহঘর মৌজার ৮৬ শতক জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর নির্মাণ করা হবে। এ লক্ষ্যে মাটি ভরাট ও চারপাশে বাঁশ লাগানো হচ্ছিল। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে গতকাল দুপুরে কাজ তদারকি করতে ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা বিলাত আলী ও তার লোকজন দা-লাঠি নিয়ে আমার ওপর আক্রমণ করে। তারপর তার বেদম মারধর শুরু করে। আমি কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করি। এ সময় আক্রমণকারীরা আমার একটি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা তখন আমার প্রাণনাশেরও হুমকি দেয়।’
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটকও করা হয়েছে।