টেকনাফে আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিল ভক্তের ছুরিকাঘাত

ফুটবল জগতের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরে উত্তেজনার আঁচ লেগেছিল দেশ জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ ছিল প্রশাসন। তারপরও আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের ওই ম্যাচের পর দেশের কয়েকটি জায়গা থেকে অপ্রীতিকর ঘটনার খবর মিলেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফে এক ব্রাজিল ভক্তের ছুরিকাঘাতে ইকবাল নামে আর্জেন্টিনার এক সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে কক্সবাজারেরই রামুতে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের পরাজয়ের পর দলটির এক সমর্থক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে এলাকায় খবর ছড়িয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হওয়া ওই যুবকের দাবি, তিনি ব্যক্তিগত কারণে বিষপান করেন। বিস্তারিত দেশ রূপান্তরের প্রতিনিধির পাঠানো খবরে :

টেকনাফে আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আবদুর রহিমের ছেলে। স্থানীয়রা জানায়, ভোরে এলাকার একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে খেলা দেখেন ইকবাল। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় শরীফের ছেলে মো. রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করে। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করে রিদুয়ান। পরে গুরুতর অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী দেশ রূপান্তরকে বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।’

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ব্রাজিল সমর্থক আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইকবাল নামে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খেলা শেষে বিষপানের পর যুবক বলছেন ব্রাজিলের জন্য নয় : কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের পর রামুতে মো. কামাল (২০) নামে এক ব্রাজিল সমর্থক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে এলাকায় খবর ছড়িয়েছে। তিনি চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

গতকাল সকালে কামালকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক। গতকাল সকালে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন মো. আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে কামাল নামে এক যুবককে বিষপান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তবে কী কারণে বিষপান করেছে সেটা আমার জানা নেই।’

তবে কামালের দাবি, তিনি খেলার জন্য বিষপান করেননি। বলেন, ‘খেলার বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো (বিষ) খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে আমি ব্রাজিলের কারণে বিষপান করেছি। এটি সত্য নয়, এটি গুজব। আমি এখন সুস্থ আছি।’