মোবাইল-ল্যাপটপে মূল্যের ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

ভোক্তা ঋণের আওতায় এতদিন মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার কেনার জন্য পণ্যমূল্যের মাত্র ৩০ শতাংশ অর্থ ব্যাংক থেকে ঋণ পাওয়া যেত। এখন থেকে এ ধরনের ডিজিটাল ডিভাইস কিনতে পণ্যমূল্যের ৭০ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়।

এতে বলা হয়, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে। এছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ভোক্তাঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাব প্রভৃতি ডিজিটাল ডিভাইস কেনার জন্য ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহকের প্রদেয় অংশ ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় ওই সার্কুলারে।

বর্তমানে ভোক্তা ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও গত জুনে ব্যাংকগুলো সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ভোক্তা ঋণ দিয়েছে বলে তথ্য তুলে ধরা হয়।