ভারতে বজ্রপাতের সময় সেলফি তুলতে গিয়ে মৃত ১১

ভারতের জয়পুরে গত রবিবার বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরের জনপ্রিয় পর্যটন গন্তব্য ‘আমের ফোর্ট’-এর ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলছিলেন একদল পর্যটক। এ সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। বজ্রপাতের সময় দুর্গের টাওয়ারে ও দেয়ালে ২৭ জনের মতো মানুষ ছিলেন। কয়েকজন বাঁচার জন্য লাফও দেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই টাওয়ারটি দুর্গের বেশ জনপ্রিয় একটা জায়গা। যারা মারা গেছেন তাদের সবাই ছিলেন কম বয়সী।

জয়পুর যে রাজ্যে অবস্থিত সেই রাজস্থানের অন্যান্য জায়গায় আরও ৯ জন বজ্রপাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। মৃতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমোক গেহলট। ভারতে এই মৌসুমে ভারী বৃষ্টি হয় নিয়মিত, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে বর্ষাকাল। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৯৬০ সালের পরে বজ্রপাতে মৃত্যু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জলবায়ু সংকটই এর বড় কারণ।

বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় মোদি বলেন, রাজস্থানের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

গত শতাব্দীর ৯০ দশকের মাঝামাঝি সময়ে ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ৩০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ২০০৪ সাল থেকে দেশটিতে প্রতি বছর প্রায় দুই হাজার মানুষ বজ্রপাতে মারা যাচ্ছেন। ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ হাজার ৭৪৯ বার বজ্রপাতের রেকর্ড রয়েছে। কর্মকর্তারা বলছেন, যেসব জায়গায় গাছ কম সেখানে মানুষের মৃত্যুর আশঙ্কা বেশি।