দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। গত রবিবার গভীর রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
গাজীপুর : কালিয়াকৈরে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারসহ দুজন নিহত হয়েছেন। গত রবিবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ওয়ালটন কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাটের আমজাদ হোসেন (৫০) ও ফেনীর মনির হোসেন (২৭)। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার সাভারের ময়েজ মিয়া (৪০) ও ধামরাইয়ের আবদুল কুদ্দুস (৬০)। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পিকআপ ভ্যানটি ফাঁসিতলা এলাকায় পৌঁছামাত্র বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
চাঁদপুর : ফরিদগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় সানজিদা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সকদিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সানজিদা একই এলাকার মাসুদ খানের মেয়ে। স্থানীয়রা জানান, ঘটনার সময় অন্য শিশুদের সঙ্গে তার বাড়ির সামনে খেলা করছিল সানজিদা। একপর্যায়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় গাজীপুর থেকে ছেড়ে আসা চন্দ্রাগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।