না.গঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান

‘গ্রেপ্তার দুজন নব্য জেএমবির স্লিপার সেলের সদস্য’

নারায়ণগঞ্জের দুই ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে শক্তিশালী আইইডি (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যে দুজনকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জে ওই অভিযান চালানো হয়, তারা নব্য জেএমবির সিøপার সেলের সদস্য বলে দাবি করেছেন সিটিটিসির কর্মকর্তারা। নারায়ণগঞ্জের অভিযানে শক্তিশালী বোমা ও বিস্ফোরক পাওয়ার পরদিন গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিসিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ঢাকার যাত্রাবাড়ী থেকে নব্য জেএমবির সামরিক শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার এবং কেরানীগঞ্জ থেকে কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়েছিল।

আসাদুজ্জামান জানান, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে গত রবিবার বিকেল ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। এ মোটরসাইকেলটি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমা রাখা হয়েছিল তা পরিবহনে ব্যবহৃত হয়েছিল। গ্রেপ্তার মামুনের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নোয়াগাঁও এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৩টি শক্তিশালী আইইডি (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)  উদ্ধার করা হয়। এ ছাড়া সেখান থেকে ৩০০ গ্রাম লাল রঙের বিস্ফোরক জাতীয় পাউডার, ৭টি বিউটেন গ্যাসের ক্যান, ১ সেট রিমোট কন্ট্রোল ডিভাইস, ২ প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল,  ৫০০টি ক্রিসমাস বাল্ব, ১ রোল ২ ইঞ্চি সাদা কার্টন টেপ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটি নব্য জেএমবির সাংগঠনিক কাজে ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা ৩টি নিষ্ক্রিয় করে।

সিটিটিসির প্রধান বলেন, পল্লবী থানার একটি মামলার পলাতক আসামি মো. কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে গত রবিবার রাত ৮টায় ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউসার নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক ও বোমা তৈরির মূল কারিগর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার কাজীপাড়া এলাকায় আরেক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১১ ইঞ্চি লম্বা বোমা তৈরির জিআই পাইপ, ২টি গ্রেনেড তৈরির জিআই বক্স, ৪টি রিমোট কন্ট্রোল ও ২টি জিহাদি বইসহ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সিটিটিসির কর্মকর্তা আসাদুজ্জামান আরও বলেন, ‘গ্রেপ্তার কাউসার হোসেন ওরফে মেজর ওসামা নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সে ওই সংগঠনের সামরিক শাখার অন্য সদস্যদের সঙ্গে অনলাইনে ও অফলাইনে যোগাযোগ রক্ষা করে বোমা তৈরির প্রশিক্ষণ দিত। বাংলাদেশের নব্য জেএমবির আমির মাহাদী হাসান ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত।’