রূপগঞ্জে কারখানায় আগুন

লোক দেখানো তদন্ত নয়, কার্যকর ব্যবস্থা নিন : বিএনপি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকা-ে হতাহতের ঘটনায় লোক দেখানো তদন্ত না করে বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দোষীদের শাস্তি ও হতাহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে দলটির পক্ষে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, ‘সেজান কারখানায় অগ্নিকা-ের ঘটনার যে তদন্ত হচ্ছে তা যথাযথ হচ্ছে না। তাই সরকারকে বলব, এই লোক দেখানো তদন্ত বাদ দিয়ে বাস্তবভিত্তিক ব্যবস্থা নিন। ফ্যাক্টরির মালিক আবুল হাসেমকে জনগণের দাবির মুখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নেতা বলে তাকে যেন আবার ছেড়ে না দেওয়া হয়, সে যেন পার পেয়ে না যায়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা নেই। বর্তমান সরকারের আমলে একের পর এক কলকারখানায় দুর্ঘটনা ঘটছে, অগ্নিকা- ঘটছে, এসব অগ্নিকা-ের পর কিছু হইচই হয়, বিবৃতি হয়, প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে বিবৃতি দেন, তারপরে সব চুপ, সব বেমালুম ভুলে যায়। তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না অদৃশ্য কারণে।’

কলকারখানার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘এই অগ্নিকা-ের ঘটনার সঙ্গে যারা দায়ী সেই মালিক কর্র্তৃপক্ষের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। অগ্নিকা-ে নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়াসহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারের উচিত ছিল অর্ধশতাধিক শ্রমিকের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা।’

‘চলমান লকডাউনে’ প্রান্তিক মানুষের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই সরকারের কাছে দাবি করে কোনো লাভ নেই। কারণ তারা লিপ সার্ভিসে ব্যস্ত, মুখের কথায় ব্যস্ত, তারা জনগণের কল্যাণে কোনো কাজ করে না। সরকারকে বলব, অবিলম্বে দিনমজুর, নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে পর্যাপ্ত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক দলের শ্রমবিষয়ক সহসম্পাদক ফিরোজ-উজ-জামান মোল্লা, শ্রমিক দলের সহসভাপতি আবদুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মহিতুল ইসলাম মোহন প্রমুখ।