ইউরোর সেরা একাদশে গোল্ডেন বুট জিতেও নেই রোনালদো

ওয়েম্বলিতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। ‘হোম’ থেকে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ‘রোম’ নিয়ে গেছেন রবার্তো মানচিনির শিষ্যরা।

ফাইনাল শেষে পুরো আসর জুড়ে আলো ছড়ানো খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট গোল ডটকম। যেখানে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেও নেই ক্রিস্টিয়ানো রোনালদো।

বেলজিয়ামের বিপক্ষে হেরে ইউরোর শেষ ষোলো থেকে বাদ পড়ে ২০১৬ আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। তবে গ্রুপ পর্বে করা ৪ গোলেই গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। তারপরও দলের ব্যর্থতায় গোল ডটকমের একাদশে জায়গা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। এ ছাড়া জায়গা হয়নি ফরাসি মিডফিল্ডার পল পগবারও।

জনপ্রিয় ওয়েবসাইটটির সেরা একাদশে আধিপত্য ছয় ইতালিয়ানের। সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে একাদশের গোলরক্ষক করা হয়েছে।

এ ছাড়া রাইট-ব্যাক হিসেবে একাদশে রাখা হয়েছে ডেনমার্কের জোয়াকিম মেহলেকে। সেন্টার-ব্যাকে আছেন দুই ইতালিয়ান গিয়র্গিও কিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চি। লেফট-ব্যাকে ইতালির লিওনার্দো স্পিনাজ্জোলা। ইংলিশদের বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি তিনি।

ড্যানিশ তারকা পিয়েরে-এমিল হোজবার্গকে রাখা হয়েছে সেন্ট্রাল মিডফিল্ডে। তার সঙ্গে একই পজিশনে ইতালির জোর্গিনহো। স্পেনের পেদ্রি-ও আছেন সেন্ট্রাল মিডফিল্ডে।

আক্রমণভাগে রাইট-উইংয়ে ইতালির ফেদেরিকো চিয়েসা। সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে আছেন চেক রিপাবলিকের প্যাট্রিক শিক এবং রাইট-উইংয়ে ইংল্যান্ডের রহীম স্টার্লিং।