বগুড়ায় তিন হাসপাতালের করোনা ইউনিটে ১৯ মৃত্যু

বগুড়ায় তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন।

সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া ৫জনের মধ্যে ২ জন বগুড়ার এবং ৩ জন অন্য জেলার বাসিন্দা।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁর ইসমাইল(৬০) ও জাহানারা(৬০), জয়পুরহাটের রাবেয়া(৬০), বগুড়ার শাজাহানপুর উপজেলার রনজিদা বেগম(৪৮) এবং সদর উপজেলার রুমানা বেগম(৩৮)।

তাদের মধ্যে ইসমাইল, জাহানারা ও রাবেয়া বগুড়া শজিমেক হাসপাতালে, রনজিদা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং  রুমানা বেগম বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ শজিমেক হাসপাতাল ও টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬৫০টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৭৩ জন।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮০৭ জন এবং  ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৮৯১জন চিকিৎসাধীন।