পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সেরা প্রধানমন্ত্রীই নন, সেরা কূটনীতিকও। তার সফল কূটনৈতিক দক্ষতার কারণেই গত বছর উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে এনেছেন, তখন অনেক ধনী দেশ টিকা নিতে পারেনি। এখন দেশে গণ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি দেশের ভাবমূর্তি বর্হি বিশ্বের কাছে নষ্ট করতে মরিয়া। তারা সংকটে দেশের পাশে না দাঁড়িয়ে সরকার ও আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের দেশ বিরোধীদের কূটনৈতিক ষড়যন্ত্র সহ নানান ষড়যন্ত্র উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।
“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এই স্লোগানে শরীয়তপুরের নড়িয়া উপজেলা-সখিপুর থানায় উপমন্ত্রীর নিজস্ব অর্থায়নে গঠিত ভ্রাম্যমাণ মেডিকেল টিমের তৃতীয় পর্যায়ে মঙ্গলবার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আফা মোল্লার বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।