ঈদুল আজহাকে সামনে রেখে চলমান বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চলাচলে বেবিচকের নির্দেশনা না মানলে তা বাতিল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বেবিচকের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়াউল কবীর দেশ রূপান্তরকে বলেন, আগের নির্দেশনামতো স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে ফ্লাইট। প্রতিটি এয়ারলাইনস নিজের অনুমোদিত শ্লট অনুযায়ী ফ্লাইট চালাবে। চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
এদিকে বিমান, নভো ও ইউএস-বাংলা জানিয়েছে, তারা তাদের নিজস্ব পলিসি অনুযায়ীই অনলাইনে টিকিট বিক্রির প্রস্তুতি নিয়েছে। আজ বুধবার থেকেই টিকিট কাটা যাবে। কিছু টিকিট গত রাত থেকেই বিক্রি শুরু হয়ে গেছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন জানিয়েছেন, ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশালে প্রতিদিনই চলবে ফ্লাইট। এর মধ্যে একমাত্র সৈয়দপুরে চলবে তিনটি করে ফ্লাইট। বাকি সবগুলোতে দুটি করে।
নভোর আকর্ষণীয় প্যাকেজ : নভোএয়ার কক্সবাজার রুটে আগামীকাল থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে। একই সঙ্গে স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটের টিকিটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নভোএয়ার স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার রুটে প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল ৪টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে গত ৫ এপ্রিল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। ১০% ছাড়ের অফারটি উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের ১ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নভোএয়ারের যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে টিকিট ক্রয় করতে হবে। এ ছাড়া যেকোনো যাত্রী তাৎক্ষণিকভাবে স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রীদের বিশেষ সুবিধা দিতে ২০১৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ চালু করে। যাত্রীদের বিক্রয়কেন্দ্র অথবা ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে স্মাইলস গ্রাহক হতে হবে। বর্তমানে নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৬টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৫টি, সিলেটে ২টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলার প্যাকেজ : ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, দেশের সব গন্তব্যে চলবে ইউএস-বাংলার ফ্লাইট। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইনসের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, স্বাস্থ্যবিধি না মেনে ফ্লাইট চলাচল না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাৎক্ষণিক ফ্লাইট বাতিল করে দেওয়া হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ জুন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে সারা দেশে ১৪ দিনের বিধিনিষেধের সুপারিশ করা হয়। কমিটির সুপারিশের আলোকে ২৮ জুন থেকে ৩০ জুন তিন দিন সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ।