সড়কে প্রাণ গেল ১১ জনের

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গত সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় চার অটোরিকশা যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন, জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় এক পথচারী ও বগুড়ার সদর উপজেলায় ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গত সোমবার মধ্য রাতে শুক্রাবাদ এলাকায় গরু ভর্তি ট্রাকের ওপর থেকে নিচে পড়ে বাসেদ (৩২) নামে এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। এ ছাড়া একইদিন রাতে ভাটারার ছোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (১৮) নামে মোটরসাইকেল চালক এক তরুণ গুরুতর আহত হন। তা ছাড়া গতকাল ভোরে পুরনো বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি, ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান ও তেজগাঁও থানার এসআই সালাহউদ্দিন মিয়া এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুমিল্লা : দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের আবুল কালাম (৪৫), রায়তলা গ্রামের কামরুন্নাহার (৩০), ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০) ও কাজিয়াতুল গ্রামের আজিজুল হক (১০)। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল কান্তি জানান,  নাঙ্গলবন্দ এলাকায় একটি ব্রিজের সংস্কারকাজ চলমান থাকায় সব মালবাহী ট্রাক-কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে ঢাকা ও সিলেট যাতায়াত শুরু করে। ঘটনার সময় চরবাকর এলাকায় বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুই যাত্রী ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

গাজীপুর : পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্বপ্রান্তে ট্রাকচাপায় কবির হোসেন (৩১) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া একইদিন সকালে কালিয়াকৈর-মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় রেনু সরকার (৫৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশা যাত্রী প্রাণ হারিয়েছেন। জিএমপির কোনাবাড়ী থানার এসআই আবু সাইদ জানান, দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি জব্দ করে স্থানীয়রা। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, নিহত নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

জয়পুরহাট : কালাইয়ে ওভার ট্রেকিংয়ের সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সেলিম আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ৩টার দিকে উপজেলার সড়াইলে এ দুর্ঘটনা ঘটে। সেলিম পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার আনিছুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সড়াইল এলাকা থেকে হেঁটে কালাই পৌর শহরের দিকে যাচ্ছিলেন সেলিম। পথে দ্রুতগতির একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালাই থানার ওসি (তদন্ত) মিলাদুন নবী জানান, নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়া : সদর উপজেলায় ট্রাকচাপায় রিপন মিয়া (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। রিপন শিবগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ গ্রামের দুলাল ম-লের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রিপন। পথে গোকুল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে পৌঁছামাত্র বালুবোঝাই একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়।