মাইক্রোসফট টিমসে চেহারা ‘সুন্দর’ করার ফিল্টার

মিটিংয়ের সময় আপনাকে ‘আরেকটু ভালো’ দেখাতে নতুন একটি ফিচার আনছে মাইক্রোসফট টিমস।

টিম মিটিংয়ে সামনের মাসে ফিচারটি প্রকাশ করা হতে পারে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, সামনের আগস্টে ডেস্কটপে ফিচার প্রকাশের পরিকল্পনা করছে মাইক্রোসফট।

একটি ভিডিওতে দেখা গেছে, এই ফিল্টারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ঝকঝকে হচ্ছে। মুখের অবয়ব হচ্ছে আরও পরিষ্কার।

ক্যামেরা ফোকাসের সঙ্গে সমন্বয় করে ব্যবহারকারীরা আলোর মাত্রা কমাতে-বাড়াতে পারবেন।

মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, ‘মিটিংয়ে যোগ দেয়ার আগে আপনি ফিল্টার সমন্বয় করে নিতে পারবেন।’

এই ধরনের ভিডিও ফিল্টার ইতিমধ্যে জুমে এসেছে।

মাইক্রোসফট বলছে, তাদের ভিডিও অ্যাপ টিমসে ফিল্টারটি আসলে আর থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। লাগবে না কোনো প্লাগইন।

২০১৭ সালের মে মাসের শুরুতে মাইক্রোসফট বাজারে আনে মাইক্রোসফট টিমস। যার পূর্ববর্তী নাম ছিল মাইক্রোসফট ক্লাসরুম বা অফিস ৩৬৫ ফর এডুকেশন। ২০১৮ সালে এসে তারা সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য মাইক্রোসফট টিমস সার্ভিসটির একটি ফ্রি ভার্সন বাজারে আনে। পরবর্তীতে ২০১৯ সালের গোঁড়ার দিকে সার্ভিসটি আরও আপডেট করে প্রান্তিক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়।

ওই বছরেই মাইক্রোসফট টিমসের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ২০ মিলিয়নে।

২০২০ সালে শুরুতে করোনাভাইরাসের ভয়াল থাবায় একের পর এক লকডাউন হতে থাকে বিশ্বের বহু দেশ। গৃহবন্দী হয়ে পড়ে মানুষ। ফলে পাল্লা দিয়ে বাড়তে থাকে মাইক্রোসফট টিমসের ব্যবহার। এই চাহিদা ধরে রাখতে সেই থেকে নানা ধরনের নতুন ফিচার যোগ করছে কোম্পানিটি।