ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তহুরুল ইসলাম (২৫) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার  রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের ছেলে ও ফতুল্লা থানার দেলপাড়ায় থাকেন।

বাদীর লিখিত এজাহার সূত্রে জানা যায়, বাদী এবং গ্রেপ্তারকৃত যুবক একই বাড়িতে ভাড়া বাস করে। বাদী একটি গার্মেন্টে চাকরি করেন। প্রতিদিনের মতো তিনি ৯ জুলাই তার পাঁচ বছর বয়সী মেয়েকে বাসায় একা রেখে সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলে চলে যান। একই দিন দুপর আড়াইটার দিকে  তহুরুল ইসলাম বাদীর মেয়েকে পেয়ারা খাওয়ানোর কথা বলে নিজ রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরদিন ১০ জুলাই সকালে শিশুটি তার মাকে পুরো বিষয়টি অবগত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস এম শামীম জানান, তহুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।