সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাসেদ (৩৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
তিনি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গণির ছেলে ও সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে উল্লাপাড়া উপজেলা শহরে যাওয়ার সময় ঘটনাস্থলে এসে পৌছালে পিছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় ঘাতক গাড়িটি ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে তার আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর করে।