করোনা: কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ১৬ মৃত্যু, আইসিইউ সংকট

দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে কুমিল্লার করোনা পরিস্থিতি। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ১৮৬ শয্যার করোনা ইউনিট, সদর হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটসহ মোট ৬ টি হাসপাতাল জেলার করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।

এছাড়াও কুমিল্লা প্রাইভেট মেডিকেল কলেজ সেন্ট্রাল, ইস্টার্ন ও ময়নামতি মেডিকেল কলেজের করোনা ইউনিটে চলছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। এ তিনটি প্রাইভেট মেডিকেলে হাই ফ্লো নজেল ক্যানোলাসহ (এইচএফএনসি) ৮০ টি বেড রয়েছে।

কুমিল্লা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৯ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। গত দশ দিনে কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন। আক্রান্ত হয়েছেন ৩৯৯৬ জন।

বুধবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মঙ্গলবার ১৩ জুলাই বিকেল থেকে বুধবার ১৪ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬২জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০ জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৬৬৭।

বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দেখা গেছে, সেখানে মোট আইসিইউ শয্যা রয়েছে ২০টি। প্রতিটি শয্যায় চিকিৎসা নিচ্ছেন সংকটাপন্ন রোগীরা। আইসিও শয্যা খালি না থাকার কারণে অনেক মুমূর্ষু রোগীকে আইসিইউতে নেওয়া যাচ্ছে না। আইসিও সাপোর্ট লাগবে এ রকম সংকটাপন্ন রোগীর স্বজনরা সিরিয়াল নিয়ে অপেক্ষা করছেন সিট খালি হওয়ার।

এ ছাড়া করোনা হাসপাতালের ১৮৬টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত রোগী। প্রায় প্রতি ঘণ্টায় বাড়ছে রোগীর সংখ্যা।

এদিকে, জেলায় করোনার রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আরও বেডের সংখ্যা বাড়ানো উদ্যোগ নিচ্ছে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা করোনা পরিস্থিতি নিয়ে সিটি করপোরেশনের মেয়র, সকল কাউন্সিলর ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বুধবার করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সেখানে জনগণকে আরও সতর্ক করতে প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় প্রচারণার জন্য নির্দেশ প্রদান করা হয়। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউনের সিদ্ধান্ত হয়।

সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার দেশ রূপান্তরকে বলেন, কুমিল্লা এখন করোনার রেড জোন। আক্রান্তদের চিকিৎসা দিতে দিনরাত কাজ করছে কুমিল্লার স্বাস্থ্য বিভাগ ।