অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা দিচ্ছে জাপান

জাপান বাংলাদেশকে ২৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেবে বলে জানিয়েছে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। গত মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটে এক টুইটে এই তথ্য জানান তিনি। টুইটে তিনি জানান, টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই টিকা দেওয়া হচ্ছে।

নাওকি ইতো টুইটে লিখেছেন, বাংলাদেশে শিগগিরই জাপান অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাঠাচ্ছে। কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাপান।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোভ্যাক্সের আওতায় এ অঞ্চলে ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে মডার্নার ৩০ লাখ করোনার টিকা পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে পৌঁছাবে কোভ্যাক্সে দেওয়া জাপানের উপহারের ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। আর আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দ থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ও ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসার কথা রয়েছে।