শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বৃহস্পতিবার বিকেলে নতুন করে যুক্ত হয়েছে কদম ও কুঞ্জলতা নামে দু’টি ফেরি।
বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ফেরি দু’টির উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এরই মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল প্রমুখ
অনুষ্ঠানে বক্তৃতাকালে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজকের এটি তার স্বাক্ষর। যা কিছু অর্জন তার একমাত্র দাবীদার শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, কুঞ্জলতা ও কদম নামে দু’টি ফেরি উদ্বোধনের মধ্যদিয়ে ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। দেশে সাফল্যের সবচেয়ে বড় সাক্ষর পদ্মা সেতু। এটি সম্পন্ন হলে দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রার আরও বেশি উন্নত হবে। করোনাকালে সকলে সচেতন থাকি। সব কিছু স্বাভাবিক হলে দেশের উন্নয়ন সকলে এক সাথে উপভোগ করবো।
প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারিতে কদম ও কুঞ্জলতা- নামে মিডিয়াম ফেরি দু’টি নির্মাণ কাজ শুরু হয়। হাইস্পিড শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ফেরি দু’টি নির্মাণ করে। প্রত্যেকটি ফেরি নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ২১ হাজার ৬০০ টাকা। প্রতিটি ফেরির দৈর্ঘ্য ৪২.৭০ মিটার ও প্রস্ত ১২.২০ মিটার।