প্রতিটি চরিত্রে নিজেকে মেলে ধরেছি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তার ক্যারিয়ারে এখন বইছে সুবাতাস। প্রতিটি উৎসবে বৈচিত্র্যময় চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা ও নায়কদের সঙ্গে। আসছে ঈদুল আজহায়ও ব্যতিক্রম হবে না। ঈদের কাজ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ক্যারিয়ারে তুঙ্গে...

সবসময় চেয়েছি ভালো মানের কাজের সঙ্গে থাকতে। তাই ক্যারিয়ারের শুরুতে কাজের সংখ্যা কম ছিল। পরে যখন নির্মাতারা আমার ওপর ভরসা করতে শুরু করলেন তখন পড়াশোনা আর অভিনয় একসঙ্গে করাটা বেশ কঠিন হচ্ছিল। তাই সব সুযোগ কাজে লাগাতে পারছিলাম না। কিন্তু করোনাকালে পড়াশোনার চাপ সেভাবে নেই। তাই আগের চেয়ে অভিনয়ে বেশি সময় দিতে পারছি। এজন্যই সম্প্রতি আমার অভিনীত নাটকের সংখ্যা যেমন বেশি, তেমনি বৈচিত্র্যময় কাজও বেশি।

ঈদের কাজ...

এ ঈদেও বেশকিছু খ- নাটক করেছি। নানা স্বাদের নাটকে দেখা যাবে আমাকে। সবকটির নাম অবশ্য এই মুহূর্তে মনে করতে পারব না। কারণ আমি সারা বছর খ- নাটকই করি। তাই কোনটি কখন প্রচার হয় আগে থেকে বলা যায় না। তবে সম্প্রতি ঈদের কথা ভেবেই করা হয়েছে এমন কাজের মধ্যে রয়েছে সিএমভির ব্যানারে পাঁচ-ছয়টি নাটক। শিহাব শাহীনের পরিচালনায় করেছি ‘রঙিলা ফানুস’ ও ‘বিয়ে বিড়ম্বনা’ নাটক দুটি। বি ইউ শুভর পরিচালনায় করেছি ‘পান্তা ভাতে ঘি’। নির্মাতা রুবেল হাসানের দুটি নাটক করেছি। একটির নাম ‘আগডুম বাগডুম’, আরেকটি ‘সদা সত্য কথা বলিবো’। সবকটি নাটকে আমার সহশিল্পী অপূর্ব। এছাড়া আরও দুটি প্রিয় কাজের কথা বলব। একটি হলো ভিকি জাহেদের পরিচালনায় ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক ‘প্রিয় আদনান’। আরটিভিতে প্রচারের জন্য নির্মিত এ নাটকে আমার সহশিল্পী তাহসান খান ও সালহা খানম নাদিয়া। কাজল আরেফিন অমির পরিচালনায় ভৌতিক ধাঁচের গল্প নিয়ে করেছি ‘অদ-ভূত’ নাটকটি। আশা করছি প্রতিটি কাজ দর্শক পছন্দ করবেন।

চরিত্রে বৈচিত্র্য...

‘রঙিলা ফানুস’ নাটকে আমি গৃহপরিচারিকা শাপলা। ফেইসবুকে অ্যাকাউন্ট খুলে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ফেইসবুকের নাম দিয়েছি ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! এডুকেশন তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! মজার ছলে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কাজটির মাধ্যমে। খেটে খাওয়া মানুষগুলোরও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সেটি দেখাতে চেয়েছি। ‘পান্তা ভাতে ঘি’ নাটকটি করেছি একেবারেই বিনোদনের উদ্দেশ্যে। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে। ‘সদা সত্য কথা বলিবো’ নাটকে তুলে ধরা হয়েছে সবসময় সত্য কথা বললে সমাজে কী ধরনের চাপের মুখে পড়তে হয়। ‘অদ-ভূত’ নাটকে আমার চরিত্রে ভৌতিক ব্যাপার রয়েছে। চেষ্টা করেছি প্রতিটি চরিত্রে নিজেকে আলাদাভাবে মেলে ধরতে। এ ক্ষেত্রে পরিচালক ও সহশিল্পীদের অনেক সহযোগিতা পেয়েছি।