মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর বাজারে পা পিছলে আবদুল হক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজের অসুস্থতার জন্য ওষুধ কিনতে স্ত্রীকে সঙ্গে নিয়ে শমসেরনগর বাজারে যান আবদুল হক। স্ত্রীকে ফার্মেসিতে রেখে মাছ কিনতে যান তিনি। বৃষ্টির কারণে মাছ বাজার এলাকায় রাস্তা পিচ্ছিল ছিল। একপর্যায়ে পা পিছলে পড়ে মাথায় ও হাতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল হক।
আবদুল হকের স্ত্রী রেবা বেগম জানান, মাছ বাজার এলাকা ময়লা, আবর্জনা ও কাদায় ভরা থাকে বলে তাকে ফার্মেসির সামনে রেখে মাছ কিনতে যান তার স্বামী। একপর্যায়ে মাছ বাজারে পা পিছলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শমসেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ ও শমসেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি একটি দুর্ঘটনা।