যাত্রা শুরু করেছে ওরিয়ন গ্রুপের ইলেকট্রনিকস ও গৃহসামগ্রী পণ্যের ব্র্যান্ড ওরিয়ন হোম অ্যাপলায়েন্স লিমিটেড।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১১ ও মোহাম্মদপুরে ওরিয়ন হোম অ্যাপলায়েন্সের দুটি শোরুম উদ্বোধন করা হয়। ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিম, জেরিন করিম ও মেহেদী হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার যাত্রাবাড়ী এবং লালবাগে আরও দুটি আউটলেট চালু হবে।
অনুষ্ঠানে সালমান ওবায়দুল করিম বলেন, ছোট আকারের হোম অ্যাপলায়েন্স মূলত হালকা শিল্পের মধ্যেই পড়ে, ফলে এর রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বাজেটে ১০ বছর মেয়াদি কর অবকাশের সুবিধাও তাদের এই খাতে বড়সড় পরিকল্পনা নিয়ে বিনিয়োগে অনুপ্রাণিত করেছে।
প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট এবং করপোরেট সেলস প্রধান মোহাম্মদ রফিকুল কাদির সিদ্দিকী পারভেজ জানান, ইতিমধ্যে ভালুকা ও ময়মনসিংহে প্রতিষ্ঠানটির নবনির্মিত কারখানায় বিভিন্ন ধরনের গৃহসামগ্রী পণ্যের উৎপাদন ও সংযোজনের কাজ শুরু হয়েছে। ৪৫০ কোটি টাকা বিনিয়োগের এই উদ্যোগের মাধ্যমে প্রায় এক হাজার কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ওরিয়ন বিভিন্ন রঙের রেফ্রিজারেটরের ৮টি মডেল নিয়ে এসেছে। টেলিভিশনের মধ্যে রয়েছে আলট্রা হাইডেফিনিশন বিশিষ্ট (ফোর কে) ২৪ থেকে ৫৫ ইঞ্চি মডেলের টেলিভিশন সেট। বিজ্ঞপ্তি।