ওয়েম্বলিতে খেলা দেখতে গিয়ে করোনা আক্রান্ত পান্থ

ইংল্যান্ডে ছুটি কাটানোর সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ। দলের সঙ্গে তাই এখনই ডারহামের ক্যাম্পে যোগ দিতে পারছেন না ভারতের এই কিপার ব্যাটসম্যান। গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষে ২০ দিনের ছুটি দেওয়া হয় ইংল্যান্ড সফররত ভারতীয় দলকে। ছুটি শেষে ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজের জন্য তাদের প্রস্তুতিপর্ব চলবে ডারহামে। পান্থ ছাড়া ২৩ সদস্যের দলের বাকিরা গতকাল ডারহামে গেছেন। ২০ জুলাই থেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা।

ইংল্যান্ডের কভিডের হার বেড়ে যাওয়া নিয়ে ভারতীয় বোর্ডের সেক্রেটারি সফররত ভারতীয় ক্রিকেটারদের সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। বিশেষ করে সদ্যসমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপ ল ও উইম্বলডনের খেলা দেখতে যেতে মানা করা ও ভিড় এড়িয়ে চলতে বলা হয় তাদের। তবে এর আগেই ইউরো চ্যাম্পিয়নশিপ ও উইম্বলডনের গ্যালারিতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের ক’জনকে। পান্থ ছিলেন তাদেরই একজন। গত ২৯ জুন ইংল্যান্ড-জার্মানি ম্যাচ দেখতে পান্থ ওয়েম্বলিতে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিও দিয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর পরিচিত একজনের বাড়িতে আইসোলেশনে আছেন ৮ দিন ধরে। আগামীকাল তার আইসোলেশন শেষ হওয়ার কথা। তার সঙ্গের দলের আরও একজন প্রথম পরীক্ষায় পজিটিভ হলেও পরে নেগেটিভ হন।

ছুটির মধ্যেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ খেলেন সারের হয়ে। সমারসেটের বিপক্ষে ম্যাচটিতে এক ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। ইন্টারনেট।