বিএনপির মিথ্যাচার উচ্চহারে ছড়িয়ে পড়েছে : কাদের

বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে।’

গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির। তাছাড়া ঈদ সামনে রেখে সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।’

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, ‘এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট। যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়ছয় করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব ছড়ানো প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে, তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপিস্থত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম আবদুর রাজ্জাক, আবদুল আলিম বেপারী ও সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী প্রমুখ।