কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি (সাইক্লোন প্রিপারেড প্রোগ্রাম) নিয়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। যেন অভিযোগের পাহাড় জমেছে।
অভিযোগের মধ্যে রয়েছে পেকুয়া উপজেলা টিম লিডার আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল একটি হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে পলাতক। কয়েকজন ইউনিয়ন টিম লিডার ও ইউনিট টিম লিডারের বয়সসীমা পার হয়ে গেছে। একই পরিবারের একাধিক সদস্য বহাল আছেন স্বেচ্ছাসেবক পদে। বিভিন্ন ইউনিয়নের অকার্যকর ইউনিটকে কাগজে-কলমে দেখানো হচ্ছে সক্রিয়।
এ ছাড়া, স্বেচ্ছাসেবক কল্যাণ তহবিলে নয়ছয়, ইউনিট টিম লিডারের ইউনিয়নের বদলে উপজেলার বাইরে বসবাস, সিপিপির উপজেলা কার্যালয়ে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও এ নিয়ে কোনো মাথাব্যথা দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুসন্ধান করে জানা গেছে, পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নে ৪৯টি সিপিপি ইউনিট থাকলেও বেশিরভাগ ইউনিট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে। এসব ইউনিটের অধিকাংশ সদস্যের বয়সসীমা পার হয়েছে। সিপিপির উপজেলা টিম লিডার আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল ইউনিয়নের টিম লিডারদের সঙ্গে গোপন আঁতাত করে নানান অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে স্বেচ্ছাসেবকদের তালিকা হালনাগাদ করেছেন বছরখানেক আগে। এসব তালিকায় বিভিন্ন ফৌজদারি মামলার আসামি ও এলাকার বিতর্কিত লোকদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আনোয়ারুল আজিম চৌধুরী বাবুলসহ আরও কয়েকজন টিম লিডার স্বেচ্ছাসেবকদের কাগজে-কলমে দেখিয়ে লজিস্টিক সাপোর্ট নিয়ে সব আত্মসাৎ করেছেন।
জানা গেছে, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের টিম লিডার আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। তিনি আবার উপজেলা টিম লিডারেরও দায়িত্ব পালন করছেন। কিন্তু একটি হত্যা মামলার আসামি হওয়ার পর থেকে কয়েক মাস ধরে তিনি পলাতক।
আনোয়ারুল আজিম পলাতক থাকায় তার জায়গায় মগনামা ইউনিয়নে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন মগনামা ইউনিয়ন বিএনপির নেতা জাকের হোছাইন। তার বিরুদ্ধেও রয়েছে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তিনি স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে নিজের পরিবার থেকে একাধিক সদস্যকে ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করে দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন।
এ ছাড়া ব্যবসায়ী, জামায়াত, বিএনপি, ছাত্রদল, যুবদল, শিবিরের নেতাকর্মীদের পরিবারের বেশিরভাগ সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে বহাল থাকায় পেকুয়ায় ভেস্তে যাচ্ছে সরকারি জনগুরুত্বপূর্ণ উদ্যোগটি।
এসব ব্যাপারে কথা বলতে পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি আনোয়ারুল আজিম চৌধুরী বাবুলের সঙ্গে। তবে জাকের হোছাইন মুঠোফোনে জানান, ‘তার ছোট ভাই শাহাদাত হোসেনকে চাকরি হওয়ার আগে সিপিপির স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। চাকরি হওয়ার পরও কেন বহাল রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভুলে তাকে বাদ দেওয়া হয়নি।
সিপিপি পেকুয়া উপজেলা কার্যালয়ের সহকারী পরিচালকের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।