সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু বহনকারী একটি ট্রাকের চালককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোরে ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের ৪নং সেতুর কাছে এ ঘটনা ঘটে। চালককে হত্যার পর গরু লুটের চেষ্টা করলেও সেখানে কয়েকটি গাড়ি জড়ো হতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। নিহত চালকের নাম আবদুর রহমান (৫০)। তিনি যশোরের চৌগাছার চন্দা গ্রামের মো. বশির মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, গরুর মালিক মো. মিলন দুটি ট্রাকে করে ১১টি গরু নিয়ে চট্টগ্রামের বিবিরহাট যাচ্ছিলেন। গতকাল ভোরে ট্রাক দুটি বায়েজিদ সংযোগ সড়কে পৌঁছলে পেছন থেকে একটি পিকআপ সামনে এসে থামে। তখন ট্রাকচালক আবদুর রহমান গাড়ি দাঁড় করালে ডাকাতরা ট্রাকের জানালা দিয়ে উঠে ট্রাকের দরজা খুলতে বলে। এ সময় ডাকাতের কবলে পড়েছেন বুঝতে পেরে চালক আবদুর রহমান দরজা না খুলে ট্রাকটিকে জোরে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন এক ডাকাত মুখে গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এরপর ডাকাতরা ট্রাক থেকে গরু লুটের চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ট্রাক ঘটনাস্থলে জড়ো হতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। তখন অন্য একটি গাড়ির চালক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সীতাকুণ্ড থানাকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ নিহত আবদুর রহমানের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত চালকের সহকারী মো. ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক দেশ রূপান্তরকে জানান, নোয়াখালী থেকে একটি পিকআপ তাদের ট্রাককে অনুসরণ করছিল। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

গরুবাহী ট্রাকের চালককে হত্যার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রসিদুল হক ও সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।