চীনে ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে নিতে হবে টিকা

কোনো শিক্ষার্থীর পরিবারের উপযুক্ত সব সদস্য টিকা না নেওয়া পর্যন্ত তাদের স্কুলে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে চীনের কয়েকটি স্থানীয় সরকার। দেশটিতে আগামী সেপ্টেম্বরে স্কুল খোলা হবে। তার আগেই এলো এই ঘোষণা। এ ছাড়া দেশটির বিভিন্ন শহরের হাসপাতাল ও সুপার মার্কেটগুলোতেও প্রবেশের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

বিবিসি বলছে, সম্প্রতি চীনের গুয়াংসি প্রদেশের বেইলিউ শহর কর্র্তৃপক্ষ জানায়, যারা এখনো টিকা নেননি কিন্তু চাইছেন দ্রুত সন্তানকে স্কুলে পাঠাবেন, তাহলে তাদের জন্য নির্দেশ হলো দ্রুত টিকা নিন। সব বয়সী শিক্ষার্থীর পরিবারের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গুয়াংসি, হেনানসহ কয়েকটি প্রদেশের স্থানীয় সরকার একই ধরনের নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়, যেসব শিক্ষার্থীর পরিবার ইতিমধ্যে টিকা নিয়েছে, তারা আগামী সেমিস্টারের ক্লাসে যোগ দিতে পারবে। তবে শহরভেদে এসব আদেশে ভিন্নতা রয়েছে।

এ ধরনের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই এটাকে ‘অন্যায়’ বলে আখ্যা দিয়েছেন।

চীনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জনগণকে যেখানে স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী করে তোলা উচিত, সেখানে এ ধরনের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। চীন এখন পর্যন্ত প্রায় ১৫০ কোটি ডোজ টিকা প্রয়োগ করেছে। তবে কী পরিমাণ মানুষ এই টিকা পেয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের মধ্যে ৬৪ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনতে চাইছে চীন। ইউরোপের দেশ ফ্রান্স ও গ্রিসের মতো নির্দিষ্ট খাতে ঝুঁকি এড়াতে বাধ্যতামূলক টিকাদান প্রক্রিয়া শুরু করেছে দেশটি।