নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ৫২ লাখ ৮১ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের আওতাধীন জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে মারমারী বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) অবস্থিত।
এই বিওপির সুবেধার মো. নজরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাতে সীমান্ত পিলার ১১৬৩/এমপি হতে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মারমারী নামক স্থানে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বেশকিছু বস্তা রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে এ সকল বস্তার ভেতর আনুমানিক ৫২ লাখ ৮১ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবির টহল দলটি।
চোরাচালানকৃত এ সকল পণ্য নেত্রকোনা কস্টমস অফিসে জমা দেয়া হবে। এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবির ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।