যশোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মিজানুর রহমান তোতা (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের ডা. আরিফুল ইসলাম জানান, তিনি কভিড-১৯ আক্রান্ত ছিলেন। এ ছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।
তিনি হাসপাতালে আইসিইউতে ছিলেন। সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছেলে শাহেদ রহমান জানান, বাদ জোহর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থান যশোর শহরের খয়েরতলায় দাফন করা হবে।
মিজানুর রহমান তোতা আশির দশক থেকে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত ছিলেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে যশোরের সাংবাদিকরা প্রথমে হাসপাতালে পরে তার খয়েরতলাস্থ বাসভবনে যান।
মিজানুর রহমান তোতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।