মাদারীপুরের কালকিনির বালিগ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সোহাগ তালুকদার (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। হত্যায় ব্যবহৃত বন্দুকসহ অভিযুক্ত আহাদকে গ্রেপ্তার করেছে ডাসার থানা পুলিশ।
শনিবার সকালে কালকিনি উপজেলা বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ ও আহাদের পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ করে দুই পক্ষকে জমি ভাগ করে দিয়ে যার যার জমিতে ধান লাগাতে বলে রায় দেয়।
সালিশের রায় পেয়ে মঙ্গলবার সকাল ৬টায় নিজেদের অংশের জমিতে সোহাগ ধান লাগাতে যান। আহাদ নিজের লাইসেন্স করা এক নলা বন্দুক দিয়ে গুলি করলে গুরুতর আহত হন সোহাগ।
স্থানীয়রা দ্রুত সোহাগকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ফরিদপুর নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেপ্তার করে। সে সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাইসেন্স করা (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহত সোহাগ কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা গ্রামের মো. শামচুল হক তালুকদারের ছেলে। আর হত্যাকারী আহাদ একই এলাকার মৃত আ. হাই মাতুব্বরের ছেলে।
সোহাগের বাবা সাম তালুকদার বলেন, আমার ছেলেরে আহাদ খুলি করে খুন করেছে। আমি আহাদ খুনির ফাঁসি চাই।
মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ডাসার থানা পুলিশ আহাদকে গ্রেপ্তার করে। সে সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাইসেন্স করা (আহাদের নামে) বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থানায় একটি হত্যা মামলা করা হচ্ছে।