ডাকাতি ঠেকাতে ভৈরবে ঝোপঝাড় পরিষ্কার শুরু

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি প্রতিরোধে মহাসড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ওই ইউপির চেয়ারম্যান ফারুক মিয়া।

অভিযানে কালিকাপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ সদস্য, স্থানীয় বিশিষ্ট নাগরিক, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ও শ্রমিকরা অংশ নেন। গতকাল কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড থেকে গাজীরটেক ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশের  ঝোপঝাড় পরিষ্কার করা হয়।

এলাকাবাসী জানান, বর্ষাকালে মহাসড়কের দুই পাশে বিভিন্ন আগাছা গজিয়ে গভীর  ঝোপঝাড়ের জঙ্গলে পরিণত হয়। আর এসব ঝোপঝাড়ের আড়ালকে ডাকাত ও ছিনতাইকারীরা সুযোগ হিসেবে গ্রহণ করে। এইসব ঝোপে লুকিয়ে থেকে সুযোগ বুঝে বিভিন্ন যানবাহনসহ পথচারীদের আটকে ডাকাতি ও ছিনতাই করে সর্বস্ব লুটে নেয়। অনেক সময় হতাহতের ঘটনা ঘটিয়ে ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়।