এবারই প্রথম ঈদুল আজহা উপলক্ষে সর্বাধিক ১৯টি নতুন নাটক প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এর মধ্যে ১৪টি একক এবং ৫টি সাত পর্বের ধারাবাহিক। প্রতিদিন রাত ৮টা ১০ মিনিট ও ১১টা ৫ মিনিটে দুটি করে একক নাটক প্রচার হবে। ঈদের দিন প্রচার হবে রুমান রনির রচনা ও পরিচালনায় রাশেদ সীমান্ত, ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনীত ‘হাঁটা জামাই’ এবং আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা অভিনীত ‘পান সুপারি ভালোবাসা’। দ্বিতীয় দিন সালাউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ অভিনীত ‘দেনমোহর’। ‘নয়ন তারা স্টোর’-এ অভিনয় করেছেন অহনা, রাশেদ সীমান্ত প্রমুখ। তৃতীয় দিন রাশেদ সীমান্ত, মৌসুমী মৌয়ের ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’ এবং জাহিদ হাসান, নাবিলা ইসলামের ‘পেজগী নেকাব্বর’। চতুর্থ দিন মীর সাব্বির, ঊর্মিলার ‘সন্দেহ বিবি’ ও নিলয় আলমগীর, টয়া অভিনীত ‘ব্ল্যাক মেইল’। পঞ্চম দিন সজল, সারিকা সাবাহর ‘বাবু’ ও রওনক হাসান, নাবিলার ‘গরিবের সুন্দরী বউ’। ষষ্ঠ দিন শিপন মিত্র, মৌমিতা মৌয়ের ‘ঢাকাইয়া মাইয়া’। সপ্তম দিন শতাব্দী ওয়াদুদ, ঊর্মিলার ‘তালাকনামা’ ও শাওন, সারিকা সাবার ‘ডিভোর্সি বউ’।
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে সাত পর্বের ‘মজনু ভাই জিন্দাবাদ’। অভিনয়ে সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, ডা. এজাজ প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘রূপকথা’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন, সামিনা চৌধুরী প্রমুখ। রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কোরবানির বিরাট হাট’। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে ‘বাগান বাড়ি’। অভিনয়ে জাহিদ হাসান, জাহিদ শোভন, আরফান, সাজু খাদেম, সালহা নাদিয়া প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে ‘প্রবাসী টাকার মেশিন’। অভিনয়ে ফজলুর রহমান বাবু, রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, ডা. এজাজ, শেলী আহসান প্রমুখ।