গাজীপুরে নিবন্ধন ছাড়াই করোনার টিকা নিতে পারবেন ১৮ বছরের বেশি বয়সী পোশাক শ্রমিকরা। আজ রবিবার ১০ হাজার শ্রমিককে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে কারখানাগুলোর দেওয়ার তালিকা অনুসারে ২৫ লাখ শ্রমিক টিকা পাবেন। গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গাজীপুরের সিভিল সার্জন জানান, প্রথম পর্যায়ে স্থানীয় ৪টি পোশাক কারখানার শ্রমিকরা সরাসরি কারখানায় থেকে টিকা নিতে পারবেন। রবিবার সকালে কোনাবাড়ি এলাকায় তোসাকা ডেনিম কারখানায় এ কর্মসূচি উদ্বোধন হবে। এদিন তোসাকা ডেনিম ছাড়াও তোসাকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস এবং রোজভ্যালি গার্মেন্টস লিমিটেডের ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, টিকা দেওয়ার জন্য কারখানা থেকে ২৫ লাখ শ্রমিকের নাম, বয়স, এনআইডি নম্বরের তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য মিলিয়ে শ্রমিকদের করোনা টিকা দেওয়া হবে।
জেলা প্রশাসক ও জেলা কভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতিতে এ কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যান্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে।