আফগানিস্তানের তালেবান সংকট প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে নতুন করে তালেবানদের উত্থান শুরু হয়। প্রতিদিনই আফগান বাহিনী তালেবানদের হামলার শিকার হতে থাকে। এমন অবস্থার মধ্যেই গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন বলে জানিয়েছে আলজাজিরা।
আফগানিস্তানে চলমান লড়াই থামাতে কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে দোহায় বৈঠকে বসেছেন এ দুইপক্ষের প্রতিনিধিরা। কিন্তু সংঘর্ষ বেড়ে যাওয়ায় এসব বৈঠকে কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এদিকে গতকালের বৈঠকে যোগ দিতে সেখানে যান সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সরকারের সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। গত শুক্রবার বিকেলেই দোহায় গিয়েছেন তারা। আফগানিস্তান সরকারের ওই প্রতিনিধিদলে রয়েছেন নাজিয়া আনওয়ারি। প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবে রয়েছেন তিনি। তিনি জানান, তারা দোহায় গেছেন, দুইপক্ষের সঙ্গে কথা বলবেন, তাদের গাইড করবেন এবং সরকারের প্রতিনিধিদের সহযোগিতা করবেন। আলোচনা এগিয়ে নেওয়ার জন্য এসব করবেন তারা।
নাজিয়া আনওয়ারি বলেন, ‘আমরা আশা করছি, খুব অল্প সময়ের ব্যবধানে এর মধ্য দিয়ে আলোচনায় অগ্রগতি আসবে, দুইপক্ষ একটি সমঝোতায় পৌঁছাবে। আমরা দেখতে পাব, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।’ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সেনাদের প্রত্যাহারের এই প্রক্রিয়াকে কাজে লাগিয়েছে তালেবান। কারণ, এ প্রক্রিয়া শুরুর পর থেকেই হামলার পরিমাণ বাড়িয়েছে তালেবান।