জীবন ও জীবিকার মধ্যে সমতা আনছে সরকার : আইনমন্ত্রী

জনগণের জীবন এবং জীবিকার মধ্যে সমতার জন্য যা দরকার সরকার তাই করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাড. আনিসুল হক। তিনি বলেছেন, ‘সারা পৃথিবীতে করোনাভাইরাসের কারণে মানুষের জীবন ও জীবিকার মধ্যে বিরাট চাপ পড়ছে। সরকারে থেকে জনগণের সেবার জন্য, জনগণ যাতে ভালোভাবে থাকে সেজন্য জনগণকে সময়ে সময়ে ঘরে রাখতে হয়। আবার জনগণের জীবিকার জন্যও সরকারকে সচেষ্ট থাকতে হয়, সচেতন থাকতে হয়।’

গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইমামদের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘করোনা মহামারী মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের কারণে আমরা এখন পর্যন্ত বেশ শক্তভাবে টিকে আছি। সারা বিশ্বে প্রথম সারির দেশগুলো টিকার ব্যবস্থা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থায়নে আমাদের জন্য টিকা কিনেছিলেন। এখন পর্যন্ত টিকা দেওয়া চালু আছে।’

করোনাভাইরাস নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা গত বছরের ২৫ মার্চ করোনাভাইরাসের কারণে সারা দেশে ছুটি ঘোষণা করেন। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য তিনি ১ লাখ ২৮ হাজার কোটির অধিক টাকা প্রণোদনা ঘোষণা করেন। তার এই সাহসিকতার কারণে আমরা করোনাভাইরাসের আঘাত অনেকটাই বুঝতে পারিনি।

মন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ এবং কোরবানি উদযাপন করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। আল্লাহ যেন করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি দেন এজন্য তিনি ইমামদের দোয়া করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে আড়াই শতাধিক ইমাম, মোয়াজ্জিন অংশ নেন।

মতবিনিয়ময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মুহিউসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মা. আসাদ আল হাবিব, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাও. কাজী মাঈনুদ্দিন, খড়মপুর দাখিল মাদ্রাসার সুপার মা. কাজী কেফায়েতুল্লাহ মাহমুদি প্রমুখ।

ইমামরা বক্তব্যে তাদের বেতনভাতা দেওয়ার জন্য আইনমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। এছাড়া হেফাজতের সহিংস ঘটনায় আটক নিরপরাধ আলেম-ওলামাদের মুক্তির বিষয়ে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।